অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ নারী দল

ক্রীড়া প্রতিবেদক
০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ নারী দল ছবি-ক্রিকইনফো

বাংলাদেশ নারী দল, ক্রিকেট, ডেভিড হেম্প, নিগার সুলতানা জ্যোতি, অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, কুইন্সল্যান্ড ফায়ার, নারী ক্রিকেট, ওয়ানডে সিরিজ, কন্ডিশন, ক্রিকেট অস্ট্রেলিয়া

মহাআকাশে তারা গোনার মতো পরিস্থিতি হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজে ইতিবাচক ক্রিকেট খেলে অঘটন ঘটাতে চায় বাংলাদেশ নারী দল। শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। দ্বিপাক্ষিক সিরিজে এটিই দুই দলের প্রথম সাক্ষাৎ।

তবে মাঠের লড়াই শুরুর আগেই ছোট এক ধাক্কা খেয়েছে দল। কুইন্সল্যান্ড ফায়ারের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৭০ রানে হেরেছেন জ্যোতির দল।

ঐতিহ্য, পরিসংখ্যান ও শক্তিমত্তায় বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কয়েক ধাপ এগিয়ে। ক্রিকেটভিত্তিক পরিসংখ্যান ওয়েবসাইটের হিসেবেও স্বাগতিক অজিদের জয়ের সম্ভাবনা ৯৮ শতাংশ, যেখানে সফরকারীদের সম্ভাবনা কেবল ২ শতাংশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই এক নম্বরে থাকা প্রতিপক্ষের বিপক্ষে ফলের চাপের চেয়ে মানসিকতাকে গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশের নতুন হেড কোচ ডেভিড হেম্প।

অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই শুরু হচ্ছে হেড কোচ হিসেবে হেম্পের প্রথম অফিসিয়াল অ্যাসাইনমেন্ট। অবশ্য দলটির সঙ্গে তার পরিচয় নতুন নয়। এর আগে বিশ্বকাপ বাছাইপর্বে এবং প্রায় দেড় বছর আগে এই সেটআপে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তাই খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি থাকায় দ্রুত মানিয়ে নেওয়া সহজ হয়েছে বলে জানান এই কোচ।

এক ভিডিও বার্তায় হেম্প বলেন, খেলোয়াড়দের তিনি চেনেন এবং সবাই বেশ ভালোভাবে কাজ করছে। কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে চার-পাঁচ দিনের প্রস্তুতি খুব ভালো হয়েছে। অনুশীলনে ক্রিকেটাররা একটু বেশি গতি ও বাউন্স পেলেও চ্যালেঞ্জটি ভালোভাবে সামলেছেন। সেরা দলের বিপক্ষে আক্ষেপ না রেখে সবকিছুতেই ইতিবাচক থাকার তাগিদ দিয়েছেন তিনি।

এদিকে কোচের নতুন পরিকল্পনা ও দিকনির্দেশনায় ইতিবাচক সাড়া দিয়েছেন ক্রিকেটাররা। দায়িত্বে এসেই প্রথম দিন দুই ঘণ্টার সেশন এবং প্রস্তুতি ম্যাচের আগে তিন ঘণ্টার বৈঠকে ক্রিকেটারদের আলাদা করে কাজ বুঝিয়ে দেন তিনি। এমনকি নেটে ১৬ জন ব্যাটারকেই ব্যাটিং করানোর পাশাপাশি বোলিং শিটও আগাম পৌঁছে দিয়েছেন। হারলেও প্রস্তুতি ম্যাচে ডট বল কমানোর প্রবণতা ও ইতিবাচক শট খেলার মানসিকতা লক্ষ্য করা গেছে।