নওগাঁ সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ
নওগাঁ সীমান্ত দিয়ে সাতজন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/২৪-আর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা সাতজন পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। খবর পেয়ে চাড়ালডাংগা বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে তাদের শনাক্ত করে।
পরে বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয় এবং নিকটবর্তী কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।