নাচোলে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামী শুদ্ধতা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২১ জুলাই সকাল ১০ টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপক), নাচোল-এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: ওবাইদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস।
প্রধান অতিথির বক্তব্যে প্রিয়াংকা দাস বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। নীতি ও নৈতিকতার চর্চা ছোটবেলা থেকেই শুরু করতে হয়। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়, খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোছাঃ সুলতানা রাজিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং শিক্ষার্থীদের সৎ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করেন।