সংবাদ শিরোনাম

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

 প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন   |   রাজশাহী

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

রাজশাহী প্রতিনিধি:

ট্রেনে এক রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীকে টিকিট পরীক্ষকের (টিটি) মারধরের অভিযোগকে কেন্দ্র করে রেললাইন অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। অবরোধের কারণে রাজশাহী স্টেশন থেকে কোনো ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা রাজশাহী-ঢাকা রেলপথে অবস্থান নেন। প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ১১টা) তাদের কর্মসূচি চলছিল।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, অবরোধের কারণে অন্তত দুটি আন্তঃনগর ট্রেন এবং একটি মেইল ট্রেন নির্ধারিত সময়েও যাত্রা শুরু করতে পারেনি। এতে যাত্রীদের ভোগান্তি বাড়ে এবং ট্রেন চলাচলের সময়সূচিতে বিঘ্ন ঘটে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন ট্রেনে যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়া অর্থ আদায়ের প্রতিবাদ করেন। এ সময় দায়িত্বে থাকা টিকিট পরীক্ষক তার ওপর শারীরিক হামলা চালান। ঘটনার বিচার, অভিযুক্ত টিটির দৃষ্টান্তমূলক শাস্তিসহ চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেনএমন অভিযোগ তাদের কাছে এসেছে। ঘটনাটি নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গেও নিয়মিত কথা বলা হচ্ছে বলে জানান তিনি।

অন্যদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (সিসিএম) হাবিবুর রহমান বলেন, অবরোধের কারণে রাজশাহী স্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে যেতে পারেনি। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement