ইতালিতে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
মোঃ আশরাফুল ইনলাম:
ইতালিতে বৈধ কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার আশ্বাস এবং কথিত ‘নুলাস্তা’ (ওয়ার্ক পারমিট) সরবরাহের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা।
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া ব্রিজ চত্বরে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, চামাগ্রাম ভ্যালাপাড়া এলাকার মো. রবু মেম্বারের দুই ছেলে মোহাম্মদ আলী কালু ও পালু ইতালিতে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে একাধিক পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে তাদের দেওয়া নথিপত্র যাচাই করে তা জাল বলে প্রমাণিত হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ভুক্তভোগী মোসাম্মাৎ ইসমতারা বলেন, তার ছেলে সবুজকে ইতালিতে পাঠানোর আশায় অভিযুক্তদের হাতে প্রায় ৮ লাখ টাকা তুলে দেওয়া হয়। এ অর্থের একটি বড় অংশ ব্যাংক ঋণের মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল। দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রতিশ্রুত কর্মসংস্থান নিশ্চিত হয়নি এবং অর্থও ফেরত পাওয়া যায়নি বলে তিনি অভিযোগ করেন।
অন্যান্য ভুক্তভোগীরাও জানান, ২০২৩ সালের ২৭ মার্চ অভিযুক্তদের দেওয়া বিভিন্ন ব্যাংক হিসাব নম্বরে টাকা জমা দেওয়া হয়েছিল। প্রায় এক বছর পর তাদের হাতে ‘নুলাস্তা’ ও অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট কাগজপত্র ভিএফএস গ্লোবালে জমা দেওয়ার পর সেগুলো জাল হিসেবে চিহ্নিত হয়ে ফেরত আসে বলে তারা দাবি করেন। এ বিষয়ে যোগাযোগ করলে অভিযুক্তরা হুমকি ও আইনি পদক্ষেপের ভয় দেখাচ্ছেন বলেও অভিযোগ করা হয়।
মানববন্ধন থেকে ভুক্তভোগীরা আত্মসাৎকৃত অর্থ দ্রুত উদ্ধার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আবেদনও জমা দেওয়া হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়।
বক্তারা বলেন, বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপ প্রয়োজন।