চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালের রোগীদের খাদ্য সরবরাহের এমপি বুলবুলের উদ্দ্যোগ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২৫০ জন রোগীর খাবার সরবরাহের চাহিদা থাকলেও এতদিন খাবার দেওয়া হচ্ছিল মাত্র ১০০ জন রোগীকে। তবে মঙ্গলবার(৫মে) দুপুরে হাসপাতালের খাদ্য বরাদ্দ বাড়িয়ে ২৫০ জন রোগীর খাবার সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। খাদ্য সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।
হাসপাতাল সূত্রে জানা যায়, ১০০ শয্যার আধুনিক সদর হাসপাতালকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে উন্নীত করার পর রোগীর পথ্য সরবরাহ ও প্রশাসনিক অনুমোদনের জন্য ২০২২ সালের ১২ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় বিষয়টির কোনো অগ্রগতি হয়নি। পরে সবশেষে ২৫০ জন রোগীর জন্য খাদ্য বরাদ্দ অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
অপরদিকে, ২০২২ সালে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালটি রাজস্ব খাতে স্থায়ীভাবে পদ সৃজনের অনুমোদন পেলেও এখনো সব ক্ষেত্রে প্রয়োজনীয় জনবল পাওয়া যায়নি। ফলে প্রতিদিন গড়ে পাঁচ শতাধিক রোগী আউটডোরে চিকিৎসা নিতে ভিড় করছেন। এত সংখ্যক রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।