চাঁপাইনবাবগঞ্জে ‘মাদক রেখে ফাঁসানোর’ অভিযোগে মানববন্ধন, কৃষকের মুক্তির দাবি
চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় এক কৃষককে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ তুলে তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নিরীহ কৃষক বিকাশ কুমার দাসকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার মুক্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, টোলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেন হারুন, সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন, আনসার ভিডিপির মোবারকপুর ইউনিয়ন টিম লিডার শামশুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
কৃষকের স্ত্রী দীপালি রাণী দাস আবেগঘন বক্তব্যে বলেন, তার স্বামী জীবিকা নির্বাহ করেন কৃষিকাজ ও গরু পালন করে। গত ২৪ এপ্রিল অজ্ঞাত ব্যক্তিরা তাদের বাড়ির সামনে মাদক রেখে পুলিশে খবর দেয়, যার ভিত্তিতে তাকে আটক করা হয়। তিনি দাবি করেন, এটি একটি ষড়যন্ত্রমূলক ঘটনা এবং তার স্বামী সম্পূর্ণ নির্দোষ।
বক্তারা বলেন, এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও ভুক্তভোগী কৃষকের মুক্তির জোর দাবি জানান।