শিবগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান: প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাররশিয়া ও দাদনচক গ্রামের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল, প্রশাসনের মধ্যস্থতায় তার শান্তিপূর্ণ সমাধান হয়েছে। আজ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুই পক্ষের প্রতিনিধিদের নিয়ে আলোচনার পর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও বর্তমানে পুলিশি পাহারায় স্বাভাবিক রয়েছে যান চলাচল। এই বিষয়টি আজ সন্ধ্যা ৭টায় শিবগঞ্জ উপজেলার ইউএনও মোঃ মাজহারুল ইসলাম নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার মির্জা ফিলিং স্টেশনে তুচ্ছ তর্কের জেরে বুধবার সকালে রণক্ষেত্রে পরিণত হয় শিবগঞ্জের দাদনচক এলাকা। ককটেল বিস্ফোরণ ও দোকানপাট ভাঙচুরের ঘটনায় উভয়পক্ষের আহত হন ১০ জন। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে উপজেলা প্রশাসন। বৈঠক শেষে শিবগঞ্জ ইউএনও মোঃ মাজহারুল ইসলাম বলেন, "উভয় পক্ষকে নিয়ে বসা হয়েছে। তারা ভুল বুঝতে পেরে ভবিষ্যতে আর গন্ডগোল না করার লিখিত অঙ্গীকার দিয়েছেন"।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, "দুই পক্ষ মিটমাট হয়ে যাওয়ায় কেউ মামলা করতে আগ্রহী নয়। দোকানপাটের ক্ষতি তারা নিজেরা আলোচনার মাধ্যমে পূরণ করবেন"। বর্তমানে যান চলাচল স্বাভাবিক থাকলেও সতর্কতা হিসেবে ফিলিং স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।