নাচোলে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নাচোল উপজেলা পরিষদ মাঠে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ সুলতানা রাজিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও টুর্নামেন্টের সদস্য সচিব মজনু মিয়া।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাচোল উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, পৌর আমীর মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদ এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বালক বিভাগের ফাইনালে 'শাপলা' দলের পক্ষে গুঠইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম 'রজনী গন্ধা' দলের পক্ষে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে।
বালিকা বিভাগের ফাইনালে 'মেঘনা' দলের পক্ষে নাসিরাবাদ দুলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 'যমুনা' দলের পক্ষে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান বলেন, "লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের টুর্নামেন্ট থেকেই আগামী দিনের দক্ষ ফুটবলার উঠে আসবে যারা দেশের নাম উজ্জ্বল করবে।"
খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়।
এদিন এমপি ড. মু মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক মিটিং এ উপস্থিত সকল স্টাফদের সাথে উন্নয়নের লক্ষে মতবিনিময় করেন এবং রোগীদের খোঁজ খবর নেন।
এছাড়াও নাচোল পৌর সভার সকল স্টাফদের সাথে পরিচিত ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।