চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ

 প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ


চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর এলাকার শংকরবাটি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরের আগেই এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা পাউরুটি ও ডিম খাওয়ার পরপরই অসুস্থতা অনুভব করতে শুরু করে। তাদের মধ্যে বমি বমি ভাব, পেটব্যথা ও চোখে জ্বালাপোড়ার মতো উপসর্গ দেখা দেয়। অসুস্থ কয়েকজন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে বিদ্যালয়ে ফিরলেও অধিকাংশকে তাদের পরিবার বাড়িতে বা চিকিৎসার জন্য নিয়ে গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত খাবার সরবরাহ করা হচ্ছিল। বিষয়টি সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন সংস্থা ‘গাক’-কে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার বলেন, “আমরা বারবার অভিযোগ করার পরও নিম্নমানের খাবার সরবরাহ বন্ধ হয়নি। আজ খাবার খাওয়ার পর প্রায় ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

এদিকে, সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন সংস্থা ‘গাক’-এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, জেলার চারটি উপজেলায় প্রায় ২১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য পাউরুটি, দুধ, কলা ও ডিমসহ বিভিন্ন খাবার সরবরাহ করা হয়। তবে অভিযোগ রয়েছে, অধিকাংশ বিদ্যালয়েই নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement