৫৯ বিজিবির সর্বোচ্চ বড় চালান জব্দ: সোনামসজিদে ট্রাকসহ ৫,৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাকসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া এই চালানটি মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ বড় চালান ।
বিজিবি জানায়, চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১১টায় সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপি’র একটি টহলদল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে মক্কা স্কেলের পশ্চিম পাশে অবস্থিত আলম ট্রেডার্সের স্টোন ইয়ার্ডে পার্কিং অবস্থায় থাকা একটি ভারতীয় ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় পাথরের মধ্যে ত্রিপল দিয়ে বিশেষভাবে মোড়ানো ২০ বস্তা নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।
পরে বস্তাগুলো খুলে মোট ৫,৯৩৫ বোতল সিরাপ উদ্ধার করা হয়। এর মধ্যে ৩,৮৯৭ বোতল এসকাফ ডিএক্স এবং ২,০৩৮ বোতল ফেয়ারডিল সিরাপ রয়েছে। ট্রাকের চালক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদক পরিবহনের অভিযোগে ট্রাক ও পাথর জব্দ করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ট্রাকটির সি এন এফ আলম এন্ড সন্স এবং আমদানিকারক প্রতিষ্ঠান প্রীতম এন্টারপ্রাইজ, যার স্বত্বাধিকারী মো. টুটুল। বর্তমানে জব্দকৃত ট্রাক, পাথর ও মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।