রেডিয়েন্ট জুট মিলে ৬ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সমাবেশ

 প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন   |   রাজশাহী

রেডিয়েন্ট জুট মিলে ৬ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সমাবেশ

খুলনা ব্যুরো :

খুলনার খালিশপুরে অবস্থিত রেডিয়েন্ট জুট মিলে বকেয়া মজুরি ও বোনাস পরিশোধসহ ৬ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল শুক্রবার বিকেল ৫টায় বিআইডিসি সড়কের পিপলস গোলচত্বরে জাতীয়তাবাদী পাট শ্রমিকদল, খুলনা অঞ্চলের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে শ্রমিকরা অভিযোগ করেন, সাবেক খালিশপুর জুট মিল বর্তমানে লিজগ্রহীতা রেডিয়েন্ট জুট মিল কর্তৃপক্ষ সামান্য ত্রুটির অভিযোগে শ্রমিকদের ছাঁটাই করছে এবং তাদের সঙ্গে মারমুখী আচরণ করছে। পাশাপাশি ২০১৫ সালের শ্রম আইন লঙ্ঘন করে মজুরি নির্ধারণ এবং শ্রমিকদের ঈদ বোনাস থেকে বঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

শ্রমিক নেতারা জানান, বিভিন্ন সময়ে এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা বলেন, আগামী রবিবারের মধ্যে শ্রমিকদের দেওয়া অভিযোগ ও ৬ দফা দাবি বাস্তবায়ন না হলে উৎপাদন বন্ধ রেখে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন পাট শ্রমিকদল আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবু দাউদ দ্বীন মোহাম্মদ এবং সঞ্চালনা করেন শ্রমিক নেতা মনির হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।

এছাড়া বক্তব্য দেন খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়ক পথ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, জাতীয়তাবাদী পাট শ্রমিকদলের সহ-সভাপতি আবুল কালাম জিয়া এবং শ্রমিক নেতৃবৃন্দ আঃ রাজ্জাক, জাহাঙ্গীর ফরাজী, মো. সেলিম, মো. সোবাহান, জাহাঙ্গীর হোসেন, আঃ মালেক, লতিফ কাজী, মো. মনির হোসেন, মো. রুবেল, উজ্জ্বল, মো. দুখু মিয়া, আবুল কালাম, এখলাছ, মো. আরমান, মো. শামিম ও মো. নাঈম।

সমাবেশ থেকে লিজ প্রথা বাতিল করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বন্ধ জুট মিল চালুর দাবি জানানো হয়। একই সঙ্গে মিল প্রাঙ্গণের গাছ কেটে পাচার, মেশিনারিজ চুরি ও সরকারি সম্পদ লুটপাটের অভিযোগ তুলে ঘটনার তদন্ত দাবি করেন শ্রমিকরা।

প্রতিবেদক চেষ্টা করেও এ বিষয়ে মিল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।