নাচোলের উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে জেলা প্রশাসকের আশ্বস্ত: দ্রুত চালু হচ্ছে বন্ধ ফিলিং স্টেশন

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন   |   রাজশাহী

নাচোলের উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে জেলা প্রশাসকের আশ্বস্ত: দ্রুত চালু হচ্ছে বন্ধ ফিলিং স্টেশন

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

বরেন্দ্র অঞ্চলের কৃষি ও জনপদ নিয়ে বিদ্যমান নানা সংকট নিরসনে এক কার্যকর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে। সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা সম্পন্ন হয়। সভায়  উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সংসদ ড মু মিজানুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

​নাচোল এলাকার প্রধান চ্যালেঞ্জ হলো কৃষি এবং সুপেয় পানির সংকট। উম্মুক্ত আলোচনা পর্বে স্থানীয় সুধীজন এই সমস্যাগুলো জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। জবাবে জেলা প্রশাসক বলেন, "বরেন্দ্র এলাকার মানুষের প্রধান নির্ভরতা কৃষি। এখানকার কৃষিকাজ সচল রাখা এবং সাধারণ মানুষের পানির সংকট নিরসনে প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে।"

​দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নাচোলের মেসার্স সুইটি ফিলিং স্টেশনটি নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে । জ্বালানি তেলের এই সংকট দূর করতে ফিলিং স্টেশনটি দ্রুত চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক। এছাড়া কৃষকরা যাতে সময়মতো সার পায় এবং কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে কঠোর তদারকির নির্দেশ দেন তিনি।

​উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ সুলতানা রাজিয়া-র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, প্রভাষক ইয়াকুব আলী, উপজেলা আমীর, মাওলানা মোবারক হোসেন, উপজেলা সেক্রেটারি, আবু তাহের খোকন, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, মনিরুল ইসলাম, পৌর আমীর, শ্রী সুকোমল চন্দ্র দেবনাথ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নাচোল থানা।

​সভায় বক্তারা নাচোলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত প্রচেষ্টায় নাচোলে একটি জনবান্ধব প্রশাসনিক কাঠামো গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয় এই মতবিনিময় সভায়। মতবিনিময় সভাটি নাচোলের স্থানীয় সমস্যা সমাধানে এক নতুন আশার সঞ্চার করেছে। বিশেষ করে বন্ধ তেলের পাম্প চালু এবং সার ও পানির সংকট নিরসনে জেলা প্রশাসকের উদ্যোগকে স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।