সংবাদ শিরোনাম

ভ্যান চুরির জন্য ভাইকে খুন করলো চাচাতো ভাই আটক- ৩

 প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন   |   রাজশাহী

ভ্যান চুরির জন্য ভাইকে খুন করলো চাচাতো ভাই  আটক- ৩

মোঃ আশরাফুল ইসলাম (পাবনা) প্রতিনিধিঃ 

পাবনার চাটমোহরে ১২ ই মার্চ বৃহস্পতিবার ভোরে ইমরান হোসেন (১৭) এর লাশ উদ্ধার করেছে চাটমোহর থানা পুলিশ। উপজেলার গুনাই গাছা ইউনিয়নের রামচন্দ্রপুর শ্মশান এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। ইমরান হোসেন শুকুর ভাঙ্গা এলাকার মৃত ওমর আলীর ছেলে ও ভ্যানচালক।

নিহত ইমরান হোসেনের নিকট আত্মীয় সাদ্দাম হোসেন জানান, ১১ ই মার্চ বুধবার সন্ধ্যায় পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুর ভাঙ্গা এলাকা থেকে ইমরান হোসেনের অটো ভ্যানটি ভাড়া নেয় আপন চাচাতো ভাই সুমন। এ সময় হেলাল সহ আরো দুজন ছিল অটো ভ্যানটির যাত্রী। অটো ভ্যান নিয়ে সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত চাটমোহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির পরে আনুমানিক রাত দশটার দিকে রামচন্দ্রপুর শ্মশান এলাকায় ভ্যান ও মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রথমে ইমরানকে মারধর করা হয়। পরে চাচাতো ভাইয়ের নির্দেশে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে পার্শ্ববর্তী ভাঙ্গুরা উপজেলার একটি বাড়িতে আশ্রয় নেয় হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনজন।

পরিবারের লোকজন ইমরানকে খুঁজে না পেয়ে এলাকার বাজারে এসে জানতে পারে তিন ব্যক্তিকে নিয়ে ভাড়ায় গেছে ইমরান। পরিবার ও এলাকাবাসী ওই ৩ ব্যক্তিকে খুঁজতে খুঁজতে ভাঙ্গুরা উপজেলায় চাচাতো ভাইয়ের বাড়িতে পৌঁছায়। এ সময় বিভিন্ন কথাবার্তা অসংলগ্ন মনে হলে এবং তথ্য প্রমাণ পাওয়া গেলে ওই তিনজনকে আটক করে চাটমোহর নিয়ে আসে এলাকাবাসী। ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে ইমরানকে শ্মশান এলাকায় ফেলে রেখে আসা হয়েছে। পরে রাতেই চাটমোহর থানা পুলিশের খবর দেয় পরিবারের লোকজন।

পুলিশ ১২ ই মার্চ বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম ও মৃত অবস্থায় ইমরানকে উদ্ধার করে চাটমোহর থানায় নিয়ে আসে। একই সময় অভিযুক্ত তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধারের অভিযান পরিচালনা করছেন।