মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, শিবগঞ্জে আটক ১

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন   |   রাজশাহী

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, শিবগঞ্জে আটক ১

আসিফ মোল্লা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

শিবগঞ্জ উপজেলা এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। রবিবার (৮ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার মনাকষা কলোনি গ্রামের বাসিন্দা নয়ন রাজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেছেন—এমন অভিযোগ ছড়িয়ে পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

একই ঘটনার প্রেক্ষিতে নয়ন রাজের পক্ষ সমর্থন করার অভিযোগে লছমানপুর গ্রামের বাসিন্দা বিপুল কুমার (২৬)-কে স্থানীয় জনতা আটক করে। পরে তাকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।=

স্থানীয়রা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাশাপাশি অভিযুক্ত নয়ন রাজকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।