সংবাদ শিরোনাম

গ্রিসে পাঠানোর প্রলোভন দেখিয়ে আটকে নির্যাতন, মুক্তিপণ আদায়ের অভিযোগ

 প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন   |   রাজশাহী

গ্রিসে পাঠানোর প্রলোভন দেখিয়ে আটকে নির্যাতন, মুক্তিপণ আদায়ের অভিযোগ

মোঃআশরাফুল ইসলাম (পাবনা) প্রতিনিধিঃ

গ্রিসে পাঠানোর কথা বলে ইরানে আটকে রেখে পাশবিক নির্যাতন ও মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের খিদিরপুর গ্রামের আলমঙ্গীর হোসেনের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার দুপুরে (২৬ ফেব্রুয়ারি)  আটঘরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন।

ভুক্তভোগীরা জানান, খিদিরপুর গ্রামের শফিকুল ইসলাম গোল্লার ছেলে আলমঙ্গীর হোসেন তাদের গ্রিসে নেওয়ার প্রস্তাব দেন। তার কথায় রাজি হয়ে ঈশ্বরদী উপজেলার মিরকামারি গ্রামের মোজাহিদুল ইসলাম ও সাইফুল আলম, জয়সগর গ্রামের খোকন, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার গোবনধারপুর গ্রামের খায়রুল ইসলাম, কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার খাড়াল্লা গ্রামের জাহিদুল ইসলামসহ মোট ৯ জনের জনপ্রতি দুই লাখ টাকা করে দেন।

অভিযোগ অনুযায়ী, পরে তাদের নৌপথে গ্রিসে পাঠানোর কথা বলা হলেও ইরানে নিয়ে একটি নির্জন স্থানে প্রায় তিন মাস আটকে রাখা হয়। সেখানে তাদের কাছ থেকে জনপ্রতি আরও সাত লাখ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলেও দাবি করেন ভুক্তভোগীরা।

তারা আরও জানান, নির্যাতনের মুখে পরিবারের সদস্যদের কাছে ফোন করে অতিরিক্ত অর্থ পাঠানোর অনুরোধ করেন। পরিবারগুলো ধারদেনা ও সম্পদ বিক্রি করে টাকা জোগাড় করে পাঠালে তারা মুক্তি পান বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত দালাল আলমঙ্গীর হোসেনের মুঠোফোন ০১৩০২২০৫৬০২ নম্বরে বার বার ফোন করেও তাকে পাওয়া যায়নি।