সোনামসজিদ বন্দর দিয়ে রমজান উপলক্ষে বিপুল পরিমাণ ছোলা-ডাল আমদানির অনুমতি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ ছোলা ও বিভিন্ন ধরনের ডাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। ফলে রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)সন্ধ্যার পর আজ বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ। তিনি জানান, রমজান মাসে সাধারণ সময়ের তুলনায় খাদ্যপণ্যের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। বিশেষ করে ইফতারের প্রধান উপাদান ছোলা ও বিভিন্ন ডালের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। এ কারণে আগাম প্রস্তুতির অংশ হিসেবে পর্যাপ্ত পরিমাণ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যাতে বাজারে কোনো ধরনের ঘাটতি বা অস্থিতিশীলতা তৈরি না হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বন্দর দিয়ে মোট ১ হাজার ৫২৬ মেট্রিক টন ছোলা, ১ হাজার ৬০০ মেট্রিক টন মসুর ডাল এবং ২০০ মেট্রিক টন মাষকলাই আমদানির অনুমতি পেয়েছেন আমদানিকারকরা। চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই এসব খাদ্যপণ্য দেশে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, সময়মতো আমদানি সম্পন্ন হলে রমজান মাসে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং ভোক্তারা স্বস্তি পাবেন।