চাঁপাইনবাবগঞ্জে রামজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে মোবাইল কোর্টের অভিযান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ বাজারে শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করার দায়ে তিনটি ফলের দোকানকে মোট ১,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪৩ ধারায় একটি রেস্তোরাঁকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আশিক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রমজান মাসে বাজারদর স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে মূল্যতালিকা প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান।