বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ হবেই: মীর শাহে আলম

রমনায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সম্মেলনে জাতীয়করণের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

জাতীয়

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ হবেই: মীর শাহে আলম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন

বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদের পদমর্যাদা ও জীবনমান উন্নয়নে তা বাস্তবায়নের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার সকালে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশে শিক্ষকদের বেতন-ভাতা ও মান-মর্যাদা বৃদ্ধির ধারাবাহিকতায় বর্তমান সরকারও তাঁদের দাবি বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

শিক্ষা প্রতিষ্ঠানে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের এক নতুন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, প্রতিটি প্রতিষ্ঠানে ছাদ ব্যবহার করে ৫.৫ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্যানেল বসাতে আর্থিক অনুদান দেওয়া হবে। এর ফলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে প্রতিটি প্রতিষ্ঠান মাসে ৫ থেকে ১০ হাজার টাকা আয় করতে পারবে।

বর্তমান সরকারের আমলে শিক্ষা ও স্বাস্থ্য বাজেট বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি অবসরে যাওয়া প্রায় ১ লক্ষ শিক্ষক-শিক্ষিকার ভাতার জন্য ২০০০ কোটি টাকার বিশেষ ফান্ড গঠনের তথ্য দেন। একই সঙ্গে জাতীয়করণের জন্য প্রয়োজনীয় বার্ষিক অতিরিক্ত অর্থ বরাদ্দের লক্ষ্যে শিক্ষকদের একটি সুশৃঙ্খল জাতীয় সমাবেশ আয়োজনের পরামর্শ দেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণের আইনি সুযোগ স্পষ্ট করার পাশাপাশি সমাজে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্নকারী যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানান মীর শাহে আলম। সম্মেলনে অন্যান্য অতিথিদের মধ্যে সংসদ সদস্য ও শিক্ষক নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।