সড়কে চাঁদাবাজি বন্ধে নতুন কমিটিকে কার্যকর ভূমিকার আহ্বান রিজভীর

নিজস্ব প্রতিবেদক
০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

জাতীয়

সড়কে চাঁদাবাজি বন্ধে নতুন কমিটিকে কার্যকর ভূমিকার আহ্বান রিজভীর ছবি-পিপুল

সড়ক পরিবহন খাতের দীর্ঘদিনের নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধ করে আইনি শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, সড়ক পরিবহন খাতকে ঘিরে গড়ে ওঠা মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ দূর করতে অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন নেতৃত্ব সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষা, অচলাবস্থা কাটানো এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে সোচ্চার থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিবহন খাতের আধুনিকায়নের ওপর জোর দিয়ে বিএনপি নেতা আরও জানান, নতুন নতুন ভাবনার মাধ্যমে এই খাতকে ঢেলে সাজানো হবে। রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে দায়িত্বশীল ভূমিকা পালন করা হলে গত ১৭ বছরের ধারাবাহিক নৈরাজ্যের স্থায়ী অবসান ঘটবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের নতুন সভাপতি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজুর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাধিতে উপস্থিত হন। পরে তাঁদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী।