সৌদি-সুদান সম্পর্ক জোরদারে সমন্বয় পরিষদ গঠন
আন্তর্জাতিক ডেস্ক:
দ্বিপক্ষীয় সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করতে সৌদি আরব ও সুদান ‘সৌদি-সুদান সমন্বয় পরিষদ’ গঠন করেছে।
সোমবার রিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও সুদানের পররাষ্ট্রমন্ত্রী মোহিউদ্দিন সালেম আহমেদ ইব্রাহিম পরিষদ গঠনের চুক্তিতে সই করেন।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, দুই দেশের মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের পরিধি বাড়ানোর আগ্রহ থেকেই এই পরিষদ গঠন করা হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত ও শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন সরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে একই কাঠামোর আওতায় এনে কার্যকর উদ্যোগ, প্রকল্প ও লক্ষ্য বাস্তবায়নে পরিষদটি কাজ করবে।
দুই দেশের নেতৃত্ব ও জনগণের প্রত্যাশা পূরণে সহযোগিতা ও পারস্পরিক সমন্বয় বাড়ানোও পরিষদের অন্যতম লক্ষ্য।
এর আগে দুই দেশের রাজনৈতিক পরামর্শ ও অনুসরণবিষয়ক কমিটির বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে সৌদি আরব ও সুদানের বর্তমান সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে।