গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।ঢাকা, ২৯ সেপ্টেম্বর:
সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, পেশাদার সাংবাদিকতার বিকাশ, গণমাধ্যমের মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে নামে-বেনামে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পেজ ও অনলাইন পোর্টাল খুলে গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে। এতে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে। মূলধারার গণমাধ্যমের বাইরে অনেকেই মোবাইল ফোন ব্যবহার করে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।
তিনি বলেন, সাংবাদিক কারা—এ বিষয়ে একটি গ্রহণযোগ্য সংজ্ঞা ও মাপকাঠি নির্ধারণ করা জরুরি। এ বিষয়ে বিএফইউজে, ডিইউজে, ডিআরইউসহ সংশ্লিষ্ট সাংবাদিক সংগঠন ও সম্পাদকদের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি মন্ত্রণালয় ও আন্তঃমন্ত্রণালয় পর্যায়েও বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা প্রদানসহ বিভিন্ন নীতিমালার ক্ষেত্রেও নির্দিষ্ট মাপকাঠি প্রয়োজন বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
সাংবাদিকদের কল্যাণ, পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের বিভিন্ন সমস্যা সমাধানে ডিআরইউর পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ডিআরইউর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।
সাংবাদিকদের জন্য সময়োপযোগী ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়ে সরকারের আন্তরিকতার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে দ্রুত অগ্রগতির জন্য শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে আলোচনা করা হবে।
সভায় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, সাংবাদিকদের সমস্যাগুলো দেখভালের দায়িত্ব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। সাংবাদিকদের কল্যাণ ও সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা করে আসছে ডিআরইউ এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আশা প্রকাশ করেন, সরকার গণমাধ্যমবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেবে।
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ডিআরইউ একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে পেশাদার সাংবাদিকদের কল্যাণ ও মানোন্নয়নে কাজ করছে। প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় ডিআরইউর সহ-সভাপতি মেহদী আজাদ মাসুম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়াসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।