সংবাদ শিরোনাম

হৃদয়ের সতর্কসংকেত অবহেলা নয়, দ্রুত চিকিৎসকের পরামর্শের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

 প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন   |   জাতীয়

হৃদয়ের সতর্কসংকেত অবহেলা নয়, দ্রুত চিকিৎসকের পরামর্শের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর বিশ্ব হার্ট দিবসে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হৃদরোগের ঝুঁকি কমাতে সচেতনতার পাশাপাশি শরীরে দেখা দেওয়া বিভিন্ন সতর্কসংকেতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হৃদয়ের কোনো লক্ষণ বা সতর্কবার্তা উপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিশ্ব হার্ট দিবস ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে অনেক মানুষ প্রাণ হারাচ্ছেন। এ কারণে হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। রোগের কোনো লক্ষণ দেখা দিলে সেটিকে সাধারণ বিষয় হিসেবে না দেখে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, রোগ প্রতিরোধে সচেতনতার গুরুত্ব সম্পর্কে মানুষ জানলেও অনেক সময় দৈনন্দিন জীবনে সেই সচেতনতা যথাযথভাবে প্রয়োগ করা হয় না। হৃদরোগের ক্ষেত্রে এমন অবহেলা বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই হৃদয়ের যেকোনো অস্বাভাবিক সংকেতকে গুরুত্ব দিয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শুধু হৃদরোগ নয়, সংক্রামক ও অসংক্রামক—উভয় ধরনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতার ভূমিকা গুরুত্বপূর্ণ। সুস্থ জীবনযাপন এবং রোগ সম্পর্কে সময়মতো সচেতন হওয়া মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভূমিকার প্রশংসা করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, মানুষের সংকটের সময়ে চিকিৎসকরাই অন্যতম প্রধান ভরসার জায়গা। করোনাভাইরাস মহামারি, ডেঙ্গু পরিস্থিতি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা না করে মানুষের সেবায় কাজ করেছেন। তাদের এই দায়িত্ববোধ ও মানবিকতা সমাজের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন তিনি।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রাঙ্গণে বিশ্ব হার্ট দিবস ২০২৬-এর উদ্বোধন করেন। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নেন তিনি।

আরো পড়ুন---প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা 

বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির।

এ সময় ডা. আ ফ খবির উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।