সংবাদ শিরোনাম

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, শহীদদের স্মরণে বিশেষ আয়োজন

 প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন   |   জাতীয়

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, শহীদদের স্মরণে বিশেষ আয়োজন

রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’ ও স্মরণসভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্যোগ নেয় ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি তাদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নয় দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সহযোগী ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে একটি আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। এরপর বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে একটি বৃহৎ ছাত্র সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটবে।

ছাত্রদলের ঘোষিত সূচি অনুযায়ী, ৩ আগস্টের সমাপনী ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।