কক্সবাজার, ২৫ জুন:
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ভেনামি চিংড়ি আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে উল্লেখযোগ্য অবদান রাখবে।
কক্সবাজারের কলাতলীতে নিরিবিলি মৎস্য হ্যাচারি, মৎস্য অধিদপ্তর পরিচালিত সরকারি কাঁকড়া হ্যাচারি এবং উখিয়ার নিরিবিলি তেলাপিয়া হ্যাচারি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ভেনামি চিংড়ির উৎপাদন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, এ খাত দেশের রপ্তানি আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। তাঁর মতে, ভেনামি চিংড়ি শিল্প বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত।
তিনি আরও বলেন, সরকারের সহযোগিতা ও নীতিগত সহায়তায় ভেনামি চিংড়ি চাষ দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এ খাতের বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
মৎস্য খাতের উদ্যোক্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, যারা নতুন করে ভেনামি চিংড়ি চাষ বা উৎপাদনে যুক্ত হতে চান, তাদের সরকার নীতিগত ও কারিগরি সহায়তা প্রদান করবে। দেশের মৎস্য খাতের আধুনিকায়ন ও বৈচিত্র্য আনয়নে সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।