ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প, স্থগিত বুলেট ট্রেন চলাচল
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার কিছু সময়ের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র জাপান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৯। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কুজি শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ৫১ দশমিক ৭ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পরপরই পরিস্থিতি পর্যবেক্ষণে নামে দেশটির কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় সুনামির কোনো ঝুঁকি নেই এবং এ কারণে কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। তিনি দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করারও আহ্বান জানান।
মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা বলেন, ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা নেই। এখন পর্যন্ত হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি দেশের পারমাণবিক স্থাপনাগুলোতেও কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।
এদিকে নিরাপত্তার স্বার্থে জাপানের অন্যতম রেল অপারেটর জেআর ইস্ট (ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি) সাময়িকভাবে তাদের বুলেট ট্রেন পরিষেবা বন্ধ রাখে। শিন-আওমোরি থেকে রাজধানী টোকিও পর্যন্ত চলাচলকারী উচ্চগতির ট্রেনগুলোর সেবা স্থগিত করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানতে মূল্যায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।