সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সরকার থাকবে অগ্রণী ভূমিকায়: মির্জা ফখরুল
ঢাকা, ২৪ জুন: দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী, নৃ-গোষ্ঠী, সংখ্যালঘু ও ভিন্ন ধর্মাবলম্বী
নাগরিকদের সাংবিধানিক অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে
কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম
আলমগীর।
বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সীতাকুণ্ড স্রাইন কমিটির প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত
এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ
সহকারী ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি
সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ধর্ম, বর্ণ কিংবা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য নয়—সকল নাগরিকের সমঅধিকার প্রতিষ্ঠাই সরকারের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্যে প্রয়োজনীয়
নীতি ও কার্যক্রম গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিটি সম্প্রদায়ের মানুষের সমান অংশগ্রহণ
নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। একটি মহল দীর্ঘদিন ধরে বিএনপিকে সংখ্যালঘুবিরোধী রাজনৈতিক
শক্তি হিসেবে উপস্থাপনের চেষ্টা চালিয়ে আসলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। অতীতেও
বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দায়িত্বশীল
ভূমিকা পালন করেছে বলে তিনি উল্লেখ করেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করে আসছে। রাষ্ট্রের দায়িত্ব হলো প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা এবং সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।