আগামী অর্থবছরে ভ্যাটের নতুন জালে ১৬ খাত, যুক্ত হচ্ছে মুদি দোকান ও বিউটি পার্লারও

 প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন   |   জাতীয়

আগামী অর্থবছরে ভ্যাটের নতুন জালে ১৬ খাত, যুক্ত হচ্ছে মুদি দোকান ও বিউটি পার্লারও


নিজস্ব প্রতিবেদক:

আগামী অর্থবছর থেকে দেশের ১৬ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাটের সুনির্দিষ্ট কর ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। প্রস্তাবিত বাজেট অনুমোদিত হলে মুদি দোকান, বিউটি পার্লার, রেস্টুরেন্ট, ফার্নিচারের দোকানসহ বিভিন্ন খাত নতুন করে ভ্যাট কাঠামোর অন্তর্ভুক্ত হবে।

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

অর্থমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে মূল্য সংযোজন কর (ভ্যাট) খাত থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা।

তিনি বলেন, রাজস্ব আহরণ বাড়াতে এবং ভ্যাট ব্যবস্থাকে আরও বিস্তৃত করতে আগামী অর্থবছরে ১৬টি ব্যবসায়িক খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

যেসব খাত নতুন করে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলো হলো

১. মুদি দোকান

২. তৈরি পোশাক ও কাপড়ের দোকান

৩. কনফেকশনারি

৪. কসমেটিকসের দোকান

৫. প্লাস্টিক, সিরামিক গৃহস্থালী পণ্য ও জুতার দোকান

৬. হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা

৭. ডেকোরেটরস ব্যবসা

৮. মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেন ও অন্যান্য ইলেকট্রনিক পণ্যের বিক্রেতা

৯. পেইন্ট, হার্ডওয়্যার, স্যানিটারি ও ফিটিংস ব্যবসা

১০. টাইলসের দোকান

১১. ঢেউটিনের দোকান

১২. রড ও সিমেন্ট ব্যবসা

১৩. ফার্নিচারের দোকান

১৪. বিউটি পার্লার

১৫. মিষ্টান্ন ভান্ডার

১৬. রেস্টুরেন্ট


সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে ভ্যাট নেটওয়ার্ক আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোর কর ব্যবস্থাপনায় নতুন পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement