কুয়েটে শিক্ষার্থীসেবায় চালু হলো ডিজিটাল অটোমেশন ব্যবস্থা
মাসুদ আল হাসান,খুলনা :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নবীন শিক্ষার্থীদের জন্য হল, লাইব্রেরি ও বিভিন্ন প্রশাসনিক সেবা প্রাপ্তির প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল ও অটোমেশনের আওতায় আনা হয়েছে। শিক্ষার্থীসেবাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে এ সমন্বিত ডিজিটাল অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে।
২৪ জুন বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাছুদ তাঁর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এ ব্যবস্থার উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন ব্যবস্থার আওতায় প্রত্যেক শিক্ষার্থীকে একটি ইউনিক ডিজিটাল আইডি দেওয়া হবে। এ আইডির মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ই-মেইল, একাডেমিক নিবন্ধন, বিভিন্ন ফি ও পেমেন্ট কার্যক্রম, হল-সংক্রান্ত সেবা, লাইব্রেরি সেবা এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন।
এ ছাড়া নবীন শিক্ষার্থীরা ওয়েবসাইটভিত্তিক এ সিস্টেম ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে হলের সিট বরাদ্দ, লাইব্রেরি কার্ড গ্রহণসহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা ও তথ্য সহজে সংগ্রহ করতে পারবেন। এতে সময় ও কাগজপত্রের ব্যবহার কমার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়বে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, আধুনিক ও স্মার্ট বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ব্যবস্থা শিক্ষার্থীদের সেবা গ্রহণকে আরও সহজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করে তুলবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।