এইচএসসিতে নকলের বিরুদ্ধে কঠোর অবস্থান, দায় এড়াতে পারবেন না কেন্দ্রপ্রধানও
ডেক্স নিউজ:
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার্থীর কাছে নকল বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা ধরা পড়লে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও কেন্দ্রসচিবের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর
গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায়
প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী জানান, সময়ের চাহিদা
বিবেচনায় পুরোনো পরীক্ষা আইন সংশোধন করে নতুন বিধান যুক্ত করা হয়েছে। প্রশ্নফাঁস ও
নকলের মতো অনিয়ম প্রতিরোধে সরকার ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করবে বলেও তিনি
উল্লেখ করেন।
তিনি বলেন, অতীতের তুলনায় পরীক্ষায়
সরাসরি নকলের ঘটনা কমে এলেও এর ধরন ও কৌশলে পরিবর্তন এসেছে। এ কারণেই আধুনিক
বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের
সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান
এবং বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে
পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা
পালনের আহ্বান জানানো হয়।