১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি প্রায় ৭৯ হাজার; নিশ্চিত হামে মৃত্যু ৯২

 প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন   |   জাতীয়

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি প্রায় ৭৯ হাজার; নিশ্চিত হামে মৃত্যু ৯২

ঢাকা, ২৩ জুন: দেশে হাম রোগ পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষার মাধ্যমে ১২৬ জনের শরীরে হাম রোগ নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ৭৮ হাজার ৭১৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৪ হাজার ৯৭১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে সন্দেহজনক হাম রোগে তিনজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে মোট ৫৯৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিত হাম রোগে প্রাণ হারিয়েছেন ৯২ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, ফুসকুড়ি বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement