কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাক্ষ্যগ্রহণ শুরু
স্টাফ রিপোর্টার:
জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী
অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য
কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আজ থেকে সাক্ষ্যগ্রহণ
শুরু হচ্ছে।
মঙ্গলবার (২৩ জুন) এ মামলার কার্যক্রম অনুষ্ঠিত
হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন
বিচারিক প্যানেল এ বিষয়ে শুনানি গ্রহণ করবেন।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার
সাক্ষ্যগ্রহণ শুরুর আগে তারা আদালতে ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করবেন।
এরপর প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব আনুষ্ঠানিকভাবে
শুরু হবে।
উল্লেখ্য, গত ১৭ জুন এ কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার
কথা থাকলেও সংশ্লিষ্ট পক্ষের আবেদনের পর ট্রাইব্যুনাল শুনানির তারিখ পরিবর্তন করে ২৩
জুন নির্ধারণ করেন।
এর আগে, গত ৩০ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১
কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর
নির্দেশ দেন।
মামলায় প্রসিকিউশনের উপস্থাপিত তিনটি অভিযোগে
বলা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় ধরে রাখতে কামরুল ইসলাম
ও রাশেদ খান মেনন বিভিন্ন সময় উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। অভিযোগ অনুযায়ী, আওয়ামী
লীগ ও ১৪-দলীয় জোটের শীর্ষ পর্যায়ের নেতা হিসেবে তারা আন্দোলনরত নিরস্ত্র ছাত্র-জনতার
বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির পক্ষে ভূমিকা রাখেন।
এছাড়া, তাদের ধারাবাহিক কর্মকাণ্ড ও প্ররোচনার ফলে রাজধানীর বাড্ডা ও আশপাশের এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে অন্তত ২৩ জন নিহত এবং বহু মানুষ আহত হন।