আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ধানমন্ডি-৩২ এলাকায় কঠোর নিরাপত্তা, মোতায়েন অতিরিক্ত বাহিনী
স্টাফ রিপোর্টার:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে
কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে রাজধানীর ধানমন্ডি-৩২
ও এর আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে ধানমন্ডি-৩২ এলাকায়
অতিরিক্ত পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যদের
সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, ধানমন্ডি-৩২ নম্বরের বিভিন্ন
প্রবেশপথে ব্যারিকেড স্থাপন করা হয়েছে। এলাকাজুড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের টহল জোরদার
করা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচলেও আরোপ করা হয়েছে বিশেষ নিয়ন্ত্রণ।
নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান,
নিষিদ্ধ সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যাতে কোনো ধরনের সমাবেশ বা কর্মসূচি অনুষ্ঠিত
না হতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন,
"আজ ধানমন্ডি-৩২ এলাকায় কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। যেকোনো ধরনের বিশৃঙ্খলা,
নাশকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আমাদের সদস্যরা প্রস্তুত রয়েছেন।"
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দেশের কয়েকটি
গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা ছাড়াও
নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হবে।
নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (২৩ জুন) থেকে আগামী
৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এসব এলাকায় সেনা সদস্যরা দায়িত্ব
পালন করবেন। সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ
দেওয়া হয়েছে