গণহত্যার বিচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের
মহানগর প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার কার্যক্রমে ধীরগতি, দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।
সোমবার (২২ জুন) রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত
জোটের এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক হামিদুর
রহমান আজাদ।
তিনি জানান, আগামী মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায়
রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি
উপলক্ষে ওই সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। এছাড়া একই দাবিতে
আগামী ৪ জুলাই দেশের সব জেলা শহরে সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জোটটি।
সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন,
রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার প্রয়োজনে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে অতীতের
কিছু নেতিবাচক প্রবণতা আবারও দৃশ্যমান হচ্ছে। পাশাপাশি জুলাইয়ের ঘটনাবলির বিচার প্রক্রিয়া
প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন। তার দাবি, বিচার কার্যক্রমের
ধীরগতির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ন্যায়বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি
হয়েছে।
তিনি আরও বলেন, দেশে পুনরায় স্বৈরাচারী প্রবণতার
ইঙ্গিত দেখা যাচ্ছে। সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে চলমান আন্দোলন আরও
জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে জোটের এই নেতা বলেন, দেশে অস্থিরতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, পরিস্থিতির উন্নতি না হলে জনগণই শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত জানাবে।