মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রীর যাত্রা, পরে চীন সফর

 প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন   |   জাতীয়

মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রীর যাত্রা, পরে চীন সফর

দুই দেশের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সংক্ষিপ্ত সফর শেষে তিনি সরকারি সফরে চীন যাবেন।

রোববার (২১ জুন) দুপুর পৌনে ৩টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিশেষ ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। স্থানীয় সময় রাত পৌনে ৯টায় প্রধানমন্ত্রীর কুয়ালালামপুরে পৌঁছানোর কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য সংক্রান্ত আরও দুটি দলিল সই হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, এবারের সফরে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে।

তিনি বলেন, মালয়েশিয়ায় আরও বেশি বাংলাদেশি শ্রমিক পাঠানোর বিষয়ে ঢাকা জোরালোভাবে অনুরোধ জানাবে। তবে বর্তমানে মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নিয়োগব্যবস্থা পুনর্মূল্যায়নের প্রক্রিয়ায় রয়েছে, যা শুধু বাংলাদেশের জন্য নয়; ইন্দোনেশিয়া, পাকিস্তানসহ অন্যান্য দেশের ক্ষেত্রেও প্রযোজ্য। এই পর্যালোচনা প্রক্রিয়া শেষ হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্র সচিব আরও বলেন, স্বাধীনতার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম মুসলিম দেশ হিসেবে মালয়েশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয়। আসিয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশের আগ্রহের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে। বাংলাদেশ বর্তমানে আসিয়ানের ডায়ালগ পার্টনার হওয়ার চেষ্টা করছে এবং এ ক্ষেত্রে মালয়েশিয়ার সহযোগিতা প্রত্যাশা করছে ঢাকা।

এ ছাড়া, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ করে রোহিঙ্গা সংকট মোকাবিলায় মালয়েশিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সমর্থক হিসেবে ভূমিকা পালন করে আসছে। ফলে দ্বিপাক্ষিক নানা ইস্যুর পাশাপাশি রোহিঙ্গা পরিস্থিতিও দুই দেশের শীর্ষ বৈঠকে স্থান পেতে পারে।

মালয়েশিয়া সফর শেষে সোমবার বিকেল ৩টায় চীনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ছয় দিনের চীন সফর শেষে আগামী ২৬ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement