বিএনপির বিরুদ্ধে একদলীয় শাসনের পথে হাঁটার অভিযোগ জামায়াত আমিরের

 প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন   |   জাতীয়

বিএনপির বিরুদ্ধে একদলীয় শাসনের পথে হাঁটার অভিযোগ জামায়াত আমিরের

নারায়ণগঞ্জে আয়োজিত এক কর্মী সম্মেলনে সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বর্তমান সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ দিয়ে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো বর্তমান সরকারও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তার করছে। তার দাবি, কেন্দ্রীয় ব্যাংক ও ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যোগ্য ব্যক্তিদের পরিবর্তে দলীয় অনুগতদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, জেলা পরিষদ ও সিটি করপোরেশনে নির্বাচনের পরিবর্তে প্রশাসক নিয়োগ দিয়ে জনগণের মতামতকে উপেক্ষা করা হচ্ছে। জনগণ প্রশাসক নয়, নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনা দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

একদলীয় শাসনব্যবস্থার প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, দেশের মানুষ কখনোই এমন ব্যবস্থা মেনে নেয়নি এবং ভবিষ্যতেও মেনে নেবে না। তিনি অতীতের রাজনৈতিক ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেন, জনগণের মতামতকে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারেনি।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ওই আন্দোলনের ফলেই দেশে নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে। আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের অবদানকে অবমূল্যায়ন করা হলে তা জাতির সঙ্গে প্রতারণার শামিল হবে।

সাম্প্রতিক জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, ভোটগ্রহণ ও ফলাফল প্রক্রিয়া আরও স্বচ্ছ হলে ১১ দলীয় জোট ভালো ফল করতে পারত। তবে দীর্ঘ সময় পর দেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বিশেষ রাজনৈতিক বাস্তবতায় তারা নির্বাচনের ফল মেনে নিয়েছে বলে জানান তিনি।

জনগণের রায়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে ভোটারদের মতামতকে সম্মান করতে হবে। জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েই রাষ্ট্র পরিচালনা করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের মাধ্যমে সরকার নিজেদের কথার সঙ্গে কাজের অসামঞ্জস্য প্রকাশ করছে। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনার জবাবে তিনি অতীতের বিভিন্ন নির্বাচনী প্রচারণার উদাহরণও তুলে ধরেন।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা মো. আবদুল জব্বারের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ অন্যান্য নেতারা।

সম্মেলনের শেষপর্বে আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মাওলানা আব্দুল জব্বারকে মেয়র পদে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন ডা. শফিকুর রহমান। পাশাপাশি নগরীর ২৭টি ওয়ার্ডে জামায়াত কাউন্সিলর প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

Advertisement
Advertisement
Advertisement