মধুপুরে হৃদয়বিদারক দুর্ঘটনা: ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ হারালেন ৪ জন

 প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন   |   জাতীয়

মধুপুরে হৃদয়বিদারক দুর্ঘটনা: ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ হারালেন ৪ জন

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে একটি ছাগলের বাচ্চা উদ্ধার করতে গিয়ে পরিত্যক্ত টয়লেটের কূপে নেমে বাবা-ছেলেসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জলই গ্রামের টেলিকিরজল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জলই গ্রামের বাসিন্দা বাবুল হাদিমা (৩৫), তার ছেলে নেইমার ম্রং (১২), একই এলাকার গ্যাব্রিয়েল নকরেক (৪৫) এবং রতন নকরেক (২৫)।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, সকালে একটি ছাগলের বাচ্চা পরিত্যক্ত কূপে পড়ে যায়। সেটিকে উদ্ধার করতে প্রথমে কূপে নামে শিশু নেইমার ম্রং। দীর্ঘ সময়েও সে ওপরে না উঠলে তাকে খুঁজতে কূপে নামেন তার বাবা বাবুল হাদিমা। এরপর তাদের কোনো সাড়া না পেয়ে একে একে গ্যাব্রিয়েল নকরেক ও রতন নকরেকও কূপে প্রবেশ করেন।

তবে চারজনের কেউই আর কূপ থেকে বের হয়ে আসতে পারেননি। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে কূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement
Advertisement
Advertisement