বান্নুতে জোড়া বিস্ফোরণ: নিহত ৭, আহত ৩
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার ওয়াজির উপবিভাগের আধা-উপজাতীয় পাহাড়ি এলাকা মারকা বেরা অঞ্চলে পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় অন্তত সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
শনিবার (২০ জুন) সংঘটিত এ ঘটনায় জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইয়াসির আফ্রিদি জানান, প্রথম বিস্ফোরণটি ঘটে রাস্তার পাশে পুঁতে রাখা একটি শক্তিশালী বোমা থেকে। বিস্ফোরণের সময় একটি যাত্রীবাহী ভ্যান ঘটনাস্থল অতিক্রম করছিল। এতে ভ্যানে থাকা পাঁচজন যাত্রী নিহত হন।
প্রথম বিস্ফোরণের পর স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করলে অল্প সময়ের ব্যবধানে একই এলাকায় দ্বিতীয় আরেকটি বিস্ফোরণ ঘটে। এতে উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুই ব্যক্তি নিহত হন এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।
নিহত ও আহতদের দ্রুত উদ্ধার করে খলিফা গুল নওয়াজ টিচিং হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। একই সঙ্গে ঘটনাটির কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসেও বান্নুতে একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় তিন নারী ও এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত এবং চারজন আহত হন। ৩ এপ্রিল সংঘটিত ওই ঘটনায় এক আত্মঘাতী হামলাকারী জেলার একটি পুলিশ স্টেশনের বাইরে অবস্থানরত বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়।
এদিকে, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, জুন মাসের প্রথম দুই সপ্তাহে উত্তর ওয়াজিরিস্তানে পরিচালিত বিভিন্ন অভিযানে অন্তত ৪৮ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছে।
বিশ্লেষকদের মতে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সশস্ত্র তৎপরতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা পরিস্থিতি আগের তুলনায় আরও জটিল হয়ে উঠেছে।