আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তায় সতর্ক ডিএমপি, আতঙ্কের কারণ দেখছে না পুলিশ
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১৯ জুন) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি
মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার
(ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে রাজধানীবাসীর
নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ
স্থানে নিরাপত্তা তল্লাশি, চেকপোস্ট কার্যক্রম এবং নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে। এসব
ব্যবস্থা অতীতের ধারাবাহিকতার অংশ হিসেবেই পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
পুলিশের এই কর্মকর্তা জানান, মহানগরের সার্বিক
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার
করা হয়েছে। কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা
দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে মোহাম্মদপুর এলাকার আলোচিত অপরাধী
‘কাইল্লা ফারুক’ প্রসঙ্গেও কথা বলেন
নজরুল ইসলাম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে
গ্রেফতারের পর তার জামিনে মুক্তি পাওয়ার বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ারভুক্ত।
তবে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অবস্থান অপরিবর্তিত
রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে
অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতার করা,
প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ এবং আদালতের কাছে সোপর্দ করার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা
করা হচ্ছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে জননিরাপত্তা
নিশ্চিত করতে ভবিষ্যতেও কঠোর নজরদারি ও আইনগত পদক্ষেপ অব্যাহত থাকবে।