অর্থনীতির নতুন রূপরেখা নিয়ে আজ সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী
মিল্টন মাহমুদ, ঢাকা :
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনের একদিন পর আজ ১২ জুন বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার এবং সামনের দিনের পরিকল্পনা তুলে ধরবেন। পাশাপাশি বাজেট নিয়ে বিভিন্ন মহলের প্রশ্ন ও পর্যবেক্ষণেরও জবাব দেবেন বলে জানা গেছে।
গতকাল ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। দেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় বাজেট। ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যে প্রণীত বাজেটের আকার জিডিপির ১৩ দশমিক ৭ শতাংশ।
প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির চাপ মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি, সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ এবং উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেছেন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করে অর্থনৈতিক উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে বিভিন্ন খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।