রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল, সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ

 প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন   |   জাতীয়

রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল, সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ


দেশের রপ্তানি খাতকে আরও বৈচিত্র্যময় ও প্রতিযোগিতামূলক করতে ৩ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে উদ্যোক্তারা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা পাবেন। নতুন রপ্তানিমুখী শিল্প স্থাপনের পাশাপাশি বিদ্যমান পণ্যে বৈচিত্র্য আনতেও এই অর্থ ব্যবহার করা যাবে।

রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। নির্দেশনা অনুযায়ী, সার্কুলারটি অবিলম্বে কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তৈরি পোশাক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে নতুন নতুন রপ্তানি পণ্যের বিকাশ ঘটানোর লক্ষ্যেই এই তহবিল গঠন করা হয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে অর্থ সংগ্রহ করে তহবিলটি পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক।

তহবিলের আওতায় উদ্যোক্তারা নতুন শিল্প-কারখানা স্থাপন কিংবা বিদ্যমান উৎপাদন ব্যবস্থায় পণ্যের বৈচিত্র্য আনতে ঋণ নিতে পারবেন। ঋণের মেয়াদ দীর্ঘমেয়াদি হবে এবং গ্রাহকরা ঋণ পরিশোধ শুরুর আগে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড সুবিধা পাবেন।

প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মোট ব্যয়ের ৩০ শতাংশ উদ্যোক্তাকে নিজস্ব উৎস থেকে বিনিয়োগ করতে হবে। অবশিষ্ট ৭০ শতাংশ অর্থ ব্যাংক এই তহবিল থেকে ঋণ হিসেবে সরবরাহ করবে। বিশেষ করে দেশীয় কাঁচামাল ব্যবহার করে রপ্তানিযোগ্য পণ্য উৎপাদনের প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, তহবিলটির মেয়াদ তিন বছর হলেও এটি আবর্তনশীল (রিভলভিং) পদ্ধতিতে পরিচালিত হবে। ফলে ঋণ ফেরত ও সুদ আদায়ের মাধ্যমে তহবিলের আকার সময়ের সঙ্গে বৃদ্ধি পাবে।

তবে খেলাপি ঋণগ্রহীতা কিংবা যেসব রপ্তানিকারকের বিরুদ্ধে রপ্তানি আয় দেশে না আনার অভিযোগ রয়েছে, তারা এই সুবিধার আওতায় আসতে পারবেন না।

সার্কুলারে ব্যাংকগুলোকে ঋণের অর্থ যথাযথ খাতে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তহবিলের আওতায় বিতরণকৃত ঋণ ও এর অগ্রগতিসংক্রান্ত নিয়মিত তথ্য বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে

Advertisement
Advertisement
Advertisement