হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১৭ জুন
ডেক্স নিউজ:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায়
অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জুন দিন নির্ধারণ করেছেন আদালত।
রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে
শুনানির দিন ছিল। তবে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)
নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন
ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ
শেষে ফেরার পথে পল্টন থানার বক্স কালভার্ট রোড এলাকায় অজ্ঞাত হামলাকারীদের গুলিতে
গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। ঘটনার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব
আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে
সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
পরবর্তীতে মামলার তদন্তে ধারা পরিবর্তন করে দণ্ডবিধির
৩০২ ধারা (হত্যা) যুক্ত করা হয়। এ সংক্রান্ত আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন
ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ।
চলতি বছরের ৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল
করেন। পরে ওই চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে বাদীপক্ষ নারাজি আবেদন করে, যা আদালত
গ্রহণ করে অধিকতর তদন্তের নির্দেশ দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে।
চার্জশিটে মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে রয়েছেন এবং বাকি ৬ জন পলাতক বলে জানা গেছে।