হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৩০ হাজার বাংলাদেশি, ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে ৩০ জুন পর্যন্ত
ডেক্স নিউজ:
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশি হজযাত্রীদের দেশে প্রত্যাবর্তন কার্যক্রম অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (৫ জুন) পর্যন্ত ৭১টি ফিরতি ফ্লাইটে মোট ২৯ হাজার ৬৯৪ জন হজযাত্রী নিরাপদে দেশে ফিরেছেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত হজ-সংক্রান্ত তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৬ হাজার ৩৬৬ জন রয়েছেন।
ফিরতি যাত্রী পরিবহনে বিভিন্ন এয়ারলাইনস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে ৯ হাজার ৯৮১ জন, সৌদি এয়ারলাইনসের মাধ্যমে ১১ হাজার ৩৩১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে ৭ হাজার ৭০০ জন হজযাত্রী দেশে ফিরেছেন। এছাড়া অন্যান্য বিমান সংস্থার মাধ্যমে আরও ৬৮২ জন যাত্রী সৌদি আরব ত্যাগ করেছেন।
এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে অবস্থানকালে ৪৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৬ জন নারী। এর মধ্যে মক্কায় ৩৫ জন এবং মদিনায় ১১ জন ইন্তেকাল করেছেন।
হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হয় গত ২৬ মে। হজ-পরবর্তী ফিরতি ফ্লাইট কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং আগামী ৩০ জুন পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো দেশে ফেরা হজযাত্রীদের সুষ্ঠু ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে প্রয়োজনীয় সমন্বয় ও সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।