কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না - মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
, ৮ আশ্বিন (২৩ সেপ্টেম্বর):
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, বিশেষ শিশুই হোক আর স্বাভাবিক শিশুই হোক, কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না। সরকার একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে, যেখানে এক দিনের নবজাতক থেকে শুরু করে সমাজের প্রবীণতম নাগরিকসহ সর্বস্তরের মানুষকে একই ছাতার নিচে নিয়ে আসা হবে।
মন্ত্রী আজ রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে ‘লিডো বাংলাদেশ’ আয়োজিত ‘Young Journalist Changemakers: Voice for Vulnerable Children’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিশুকে মানবিক গুণাবলিসম্পন্ন সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার থেকেই নৈতিক শিক্ষার চর্চা শুরু করতে হবে। পরিবারহীন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকার বিভিন্ন ছোটমণি নিবাস ও শিশু নিবাস পরিচালনা করছে। সেখানে শিশুদের আশ্রয় ও শিক্ষার পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। তিনি বলেন, যেকোনো জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগ ও কার্যক্রমকে পৃষ্ঠপোষকতা করা সরকারের দায়িত্ব।
মন্ত্রী আরো বলেন, সরকার কারও প্রতিপক্ষ নয়; বরং সরকার ও জনগণ একে অন্যের পরিপূরক ও সম্পূরক। সংকীর্ণ সমালোচনা পরিহার করে বিদ্যমান সামর্থ্য ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সবাইকে দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শিশুরা সরাসরি মন্ত্রীর নিকট বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরে। বিশেষ করে অভিভাবকহীন শিশুরা জন্মনিবন্ধন সনদ সংগ্রহ এবং নাগরিক সেবা প্রাপ্তির ক্ষেত্রে যে সকল প্রশাসনিক জটিলতার সম্মুখীন হয়, তা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের অনুরোধ জানালে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।
অনুষ্ঠানে সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব, এসওএস চিলড্রেন ভিলেজের কান্ট্রি ডিরেক্টর, বেসরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সুবিধাবঞ্চিত শিশুরা উপস্থিত ছিলেন।