ভেঙে পড়া ব্যবস্থার ‘রিপেয়ার’ শেষে শুরু হয়েছিল ‘রিফর্ম’: সালেহউদ্দিন আহমেদ ​‘আমরা সব খারাপ করে আসছি, তা তো না’; আইবিএর সমাবর্তনে সাবেক অর্থ উপদেষ্টা ও ঢাবি উপাচার্য

অনলাইন ডেস্ক
১৬ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

জাতীয়

ভেঙে পড়া ব্যবস্থার ‘রিপেয়ার’ শেষে শুরু হয়েছিল ‘রিফর্ম’: সালেহউদ্দিন আহমেদ  ​‘আমরা সব খারাপ করে আসছি, তা তো না’; আইবিএর সমাবর্তনে সাবেক অর্থ উপদেষ্টা ও ঢাবি উপাচার্য


​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল নিয়ে চারদিক থেকে যখন নানা হিসাব-নিকাশ আর প্রশ্ন উঠছে, ঠিক তখনই এক অকপট আত্মপক্ষ সমর্থনে মুখ খুললেন সাবেক অর্থ ও বাণিজ্য উপদেষ্টা অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট করেই বলেছেন, “অনেকে জানতে চান দেড় বছরে সরকার কী করেছে? কিন্তু বাস্তবতা হলো, এক দিনে সব পরিবর্তন হয় না। আমরা সব খারাপ করে আসছি, তা তো না।”

​গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ৫৮তম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। দেশের অন্যতম শীর্ষ এই ব্যবসায়িক শিক্ষালয়ের বিবিএ, এমবিএ, ইএমবিএ ও ডিবিএ প্রোগ্রামের ৩৬৫ জন কৃতি শিক্ষার্থীর ডিগ্রি প্রদান উপলক্ষে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে অন্তর্বর্তী সরকারের ভেতরের এক জটিল বাস্তবতার চিত্র তুলে ধরেন। তিনি জানান, দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি কোনো স্বাভাবিক অবস্থায় ছিল না, বরং তা ছিল গভীর সংকটে নিমজ্জিত। ব্যাংক খাত, পুঁজিবাজার এবং রাজস্ব প্রশাসন—সবখানেই বিরাজ করছিল চরম অস্থিরতা। কমে গিয়েছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ, নেতিবাচক ছিল চলতি হিসাব ও সামগ্রিক লেনদেনের ভারসাম্য।

​এমন এক পরিস্থিতিতে নতুন কোনো জাদুকরী সংস্কারের চেয়ে ভেঙে পড়া ব্যবস্থাকে কোনোমতে সামাল দেওয়াটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিজের কাজের কৌশল ব্যাখ্যা করতে গিয়ে তিনি দুটি ইংরেজি শব্দ ব্যবহার করেন—‘রিপেয়ার’ (মেরামত) ও ‘রিফর্ম’ (সংস্কার)। তিনি বলেন, “প্রথমে আমাদের অর্থনীতিকে খাদের কিনারা থেকে ফেরাতে রিপেয়ার বা মেরামতের কাজ করতে হয়েছে, আর তার পরেই কেবল রিফর্ম বা সংস্কারের হাত দেওয়া সম্ভব হয়েছে।” যার ফলে বর্তমান সূচকগুলোতে কিছুটা হলেও স্থিতিশীলতা ফিরে এসেছে।

​তবে এই যাত্রায় সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা কোথায় ছিল, তা-ও অকপটে স্বীকার করেছেন সাবেক এই উপদেষ্টা। তিনি জানান, রাজনৈতিক ম্যান্ডেট ও পর্যাপ্ত শক্তি (স্ট্রেন্থ) না থাকার কারণে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কাঙ্ক্ষিত গতিতে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বিশেষ করে দেশের ব্যাংকিং খাতের দীর্ঘদিনের অনিয়ম, রাজনৈতিক প্রভাব ও দুর্বল আইনের কারণে পরিস্থিতি এতটাই জটিল হয়ে আছে যে, কেবল প্রশাসনিক নির্দেশ দিয়ে তা রাতারাতি বদলানো অসম্ভব। খারাপ আইন বহাল রেখে ভালো ফলের আশা করা যায় না উল্লেখ করে তিনি জানান, কিছু ব্যাংককে সচল রাখতে বিপুল অঙ্কের অর্থসহায়তা দিতে হয়েছে। তবে আশার কথা হলো, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতার কারণে এখন আগের তুলনায় কম সময়ে পাচার হওয়া অর্থ উদ্ধার করার পথ তৈরি হয়েছে।

​অর্থনীতির সামগ্রিক চিত্রের ব্যবচ্ছেদ করতে গিয়ে তিনি দেশের সুশাসনের অভাব ও দীর্ঘসূত্রতার এক চাক্ষুষ চিত্র তুলে ধরেন। সালেহউদ্দিন আহমেদ দুঃখ প্রকাশ করে বলেন, দেশে কেবল সরকারি নয়, বেসরকারি খাতেও সুশাসনের প্রচণ্ড অভাব রয়েছে। জবাবদিহিতা না থাকায় পাঁচ বছরের একটি প্রকল্প শেষ হতে ২০ বছর লেগে যাচ্ছে, যা অপচয় ও অদক্ষতার চরম বহিঃপ্রকাশ। পাশাপশি, দীর্ঘদিন নতুন গ্যাস অনুসন্ধানে উদাসীনতা এবং রপ্তানি খাতে বছরের পর বছর প্রণোদনা দেওয়ার পরও ‘ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি’ বা শিশু শিল্পগুলো বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক হয়ে উঠতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। সামনের দিনে যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি, চীনের সঙ্গে প্রতিযোগিতা ও বৈশ্বিক শুল্ক পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ কোরিয়া বা ভিয়েতনামের মতো সুশাসন ও দক্ষতা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

​সমাবর্তনের এই মহতী লগ্নে তরুণ গ্র্যাজুয়েটদের উদ্দেশে শুধু অর্থনীতির কঠিন সমীকরণ নয়, এক অনুপ্রেরণামূলক বার্তা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। সাম্প্রতিক সময়ে দেশের শিক্ষার্থীদের ঐতিহাসিক আন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেন, “স্পষ্ট দৃষ্টি ও সৎ উদ্দেশ্য থাকলে পরিবর্তন অনিবার্য।”

​উপাচার্য নতুন বাংলাদেশের হাল ধরতে আইবিএর শিক্ষার্থীদের সততা, মানবিকতা ও পেশাগত উৎকর্ষকে হাতিয়ার করার আহ্বান জানান। কর্মজীবনে নানা ‘শর্টকাট’ বা সহজ পথের প্রলোভন আসবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের সঠিক পথ থেকে বিচ্যুত না হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও প্রযুক্তির এই যুগে আজীবন শেখার মানসিকতা ধরে রাখার তাগিদ দিয়ে তিনি এক চিরন্তন সত্য মনে করিয়ে দেন—"পৃথিবীতে ভালো ব্যবস্থাপকের অভাব নেই, অভাব কেবল মানবিক নেতৃত্বের।"

​আইবিএর পরিচালক অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যাপক ইফতেখারুল আমিন। এবারের সমাবর্তনে ১১৬ জন শিক্ষার্থীকে বিবিএ, ১২৬ জনকে এমবিএ, ১২২ জনকে ইএমবিএ এবং একজনকে ডিবিএ ডিগ্রি প্রদান করা হয়। যার মধ্যে অসাধারণ মেধার স্বাক্ষর রেখে ২৬ জন শিক্ষার্থী স্থান করে নিয়েছেন ‘ডিরেক্টরস অনার লিস্টে’ এবং দুজন শিক্ষার্থী অর্জন করেছেন মর্যাদাপূর্ণ স্বর্ণপদক। সনদ হাতে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন চোখে নিয়ে বিদায় নেওয়া এই তরুণদের করতালিতে মুখরিত হয়ে ওঠে সমাবর্তন প্রাঙ্গণ।