সংবাদ শিরোনাম

দেশে ২৪ ঘণ্টায় ১,৩৬৩ সন্দেহজনক হাম রোগী শনাক্ত, মৃত্যু ৭

 প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন   |   জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় ১,৩৬৩ সন্দেহজনক হাম রোগী শনাক্ত, মৃত্যু ৭

নিজস্ব প্রতিবেদক

দেশে হাম রোগের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৬৩ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে পরীক্ষার মাধ্যমে ১৫৫ জনের শরীরে হাম রোগ নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৩৯ হাজার ১৬০ জন সন্দেহজনক হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ৯৬৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ছয় জন এবং নিশ্চিত হাম রোগে এক জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে দেশে নিশ্চিত হাম রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৩৬৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে সতর্ক থাকার পাশাপাশি শিশুদের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।