হাম রোগ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ তথ্য
ডেক্স নিউজ: ৭ মে ২০২৬:
দেশে হাম রোগ পরিস্থিতি পর্যবেক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর সর্বশেষ তথ্য প্রকাশ করেছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ১ হাজার ২৩৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষার মাধ্যমে ২৮৬ জনের হাম রোগ নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে অদ্যাবধি সারাদেশে মোট ৩১ হাজার ৯১২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসা গ্রহণের পর ২৮ হাজার ২৩৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে ১ জন এবং সন্দেহজনক হাম রোগে ১১ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা ৫৭ জন এবং সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা ২৭৯ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে হাম প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে শিশুদের সময়মতো টিকা প্রদান, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা, নিয়মিত হাত ধোয়া এবং জ্বর বা শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।