শিক্ষার্থীদের ‘ভুয়া’ স্লোগান ও তোপের মুখে ক্যাম্পাস ছাড়লেন এমপি আমির হামজা

 প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন   |   জাতীয়

শিক্ষার্থীদের ‘ভুয়া’ স্লোগান ও তোপের মুখে ক্যাম্পাস ছাড়লেন এমপি আমির হামজা

​নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া

​কুষ্টিয়া সরকারি কলেজের সবুজ চত্বরে আজ ফুটবল টুর্নামেন্টের আনন্দঘন পরিবেশ নিমিষেই রূপ নিল চরম উত্তেজনায়। আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রবল তোপের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। মুহুর্মুহু ‘ভুয়া, ভুয়া’ স্লোগান আর হট্টগোলের মুখে শেষ পর্যন্ত পুলিশের পাহারায় অনেকটা অপ্রস্তুত অবস্থায় ক্যাম্পাস ত্যাগ করতে হয়েছে তাকে।

​বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ মাঠে এই নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা গেছে, প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করতে এমপি আমির হামজা অনুষ্ঠানস্থলে পৌঁছানো মাত্রই ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে একদল ছাত্র মঞ্চের সামনে জড়ো হন। তারা এমপিকে লক্ষ্য করে উচ্চস্বরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। বিশৃঙ্খলা এড়াতে তিনি দ্রুত উদ্বোধনের উদ্দেশ্যে মাঠের ভেতর প্রবেশ করলে বিক্ষোভের মাত্রা আরও বেড়ে যায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাঠের ভেতরেও তাকে ঘিরে ধরেন এবং প্রতিবাদ জানিয়ে সেখানেই বসে পড়েন।

​মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কলেজের অধ্যক্ষ দ্রুত এমপি আমির হামজাকে উদ্ধার করে নিজের কার্যালয়ে নিয়ে যান। কিন্তু তাতেও দমানো যায়নি আন্দোলনকারীদের। একদল শিক্ষার্থী অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ক্রমাগত স্লোগান দিতে থাকলে পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

​অপ্রীতিকর এই ঘটনার মধ্যেই আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে দাবি করা হয়, ছাত্রদল নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রেখেছে। তবে ঘটনার সত্যতা জানতে তার ব্যক্তিগত মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

​খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তবে এমপিকে ‘অবরুদ্ধ’ করে রাখার দাবি নাকচ করে দিয়েছেন ওসি। তিনি জানান, অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে তিনি এমপিকে অধ্যক্ষের সঙ্গে আলাপ করতে দেখেন এবং পরবর্তীতে পুলিশের পাহারায় আমির হামজা নিরাপদে ক্যাম্পাস ত্যাগ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিতিকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই লঙ্কাকাণ্ড এখন পুরো কুষ্টিয়া জুড়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement