সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী-এর জীবনবৃত্তান্ত
ঢাকা, ২৩ বৈশাখ (৬ মে):
নিতাই রায় চৌধুরী ১৯৪৯ সালের ৭ জানুয়ারি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার হাটবাড়িয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব ও কৈশোর তিনি নিজ জন্মভূমির প্রাকৃতিক পরিবেশেই অতিবাহিত করেন।
শিক্ষাজীবনে তিনি আলোকদিয়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক (এসএসসি) এবং মাগুরা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ ও এল. এল. বি. ডিগ্রি অর্জন করেন এবং আইন পেশায় আত্মনিয়োগ করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন এবং সভাপতির দায়িত্বও পালন করেন।
পেশাগত জীবনে আইনচর্চার পাশাপাশি তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আইন প্রতিমন্ত্রী হিসেবে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়াও ১৯৯০ সালে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে নির্বাচিত হয়ে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
সংসদীয় কার্যক্রমে আইন, বিচার ও নাগরিক অধিকার বিষয়ে তাঁর প্রজ্ঞা বিশেষভাবে স্বীকৃত। দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবনে তিনি সামাজিক উন্নয়ন, জনসেবা, শিক্ষা বিস্তার এবং যোগাযোগ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। প্রায় চার দশকের অধিক সময় ধরে তিনি জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে একজন নিবেদিতপ্রাণ জননেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি প্রয়াত ঝুমুর রায় চৌধুরীর সাথে বিবাহসূত্রে আবদ্ধ ছিলেন। তিনি দুই পুত্র ও তিন কন্যার জনক। তাঁর কন্যা নিপুন রায় চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি ৩ মে ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন থেকে বিএনপির সংসদ সদস্য হিসেবে শপথ নেন। পুত্র দেবাশীষ রায় চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এবং অপর পুত্র মিথুন রায় চৌধুরী মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।