কারওয়ান বাজারে তেলের সরবরাহে স্বস্তি, বাজারে স্বাভাবিকতার ইঙ্গিত দিলেন বাণিজ্যমন্ত্রী

 প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন   |   জাতীয়

কারওয়ান বাজারে তেলের সরবরাহে স্বস্তি, বাজারে স্বাভাবিকতার ইঙ্গিত দিলেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

খাদ্যপণ্য বাজারে স্বস্তির বার্তা নিয়ে ভোজ্যতেলের সরবরাহ এখন অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীর কারওয়ান বাজারে কিচেন মার্কেট এলাকায় আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকার ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে নিবিড়ভাবে কাজ করছে এবং ডিলার ও কোম্পানিগুলোর সঙ্গে একাধিক বৈঠকের পর সরবরাহ পরিস্থিতিতে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে।

রোববার বিকেলে বাজারে সরেজমিন পরিদর্শনে গিয়ে মন্ত্রী বিভিন্ন দোকান ঘুরে দেখেন, ডিলার, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সাধারণ ক্রেতাদের অভিজ্ঞতাও শোনেন। ব্যবসায়ীরা জানান, আগের তুলনায় ভোজ্যতেলের সরবরাহ বেড়েছে। বিশেষ করে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, কারণ ক্রেতারা এখন খোলা তেলের বদলে বোতলজাত তেলেই বেশি আস্থা রাখছেন।

বাজারে দেখা যায়, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৭০ থেকে ৯৭৫ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি আগের সরবরাহ করা ১ লিটারের বোতল ১৯৫ টাকা এবং ২ লিটারের বোতল ৩৯০ টাকায় পাওয়া যাচ্ছে। ক্রেতারাও মন্ত্রীর কাছে জানান, বাজারে এখন তেল পাওয়া যাচ্ছে এবং সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত।

পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের প্রভাবের কারণে কিছু মূল্য সমন্বয় করতে হয়েছে। তবে বৈশ্বিক বাজারে দাম কমলে দেশের বাজারেও তা সমন্বয় করে কমানো হবে। তিনি আরও জানান, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন নিয়মিতভাবে চলবে।

Advertisement
Advertisement
Advertisement